বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : জনতা কলেজ, কাবুগঞ্জে হিন্দি বিভাগের উদ্যোগে সোমবার হিন্দি দিবস উদযাপন করা হয়। কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক, কর্মী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল, উপাধ্যক্ষ সুজাতা পালিত, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্নি দেব মজুমদার, হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান ড. শ্রীমা নাথ মজুমদার এবং সহকারী অধ্যাপক ড. সত্যজিৎ কুমার। স্বাগত বক্তব্যে ড. শ্রীমা নাথ মজুমদার হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে হিন্দি ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. দেবাশিস পাল, উপাধ্যক্ষ সুজাতা পালিত, মণিপুরি বিভাগের সহযোগী অধ্যাপক ড. উষারানি শর্মা, ড. মুন্নি দেব মজুমদার ও ড. সত্যজিৎ কুমার। বক্তারা শিক্ষা, সাহিত্য, যোগাযোগ, সংস্কৃতি ও জাতীয় সংহতিতে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভারতের বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেন। সাংস্কৃতিক পর্বে ড. মুন্নি দেব মজুমদার একক সংগীত পরিবেশন করেন। পরে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুদীপ্ত খেরসার সঙ্গে যৌথভাবে দ্বৈত সংগীত পরিবেশন করেন তিনি।
এছাড়া ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, ভাষণ, নৃত্য ও সংগীত পরিবেশন এবং ছটপুজোকে কেন্দ্র করে নাটক অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. শ্রীমা নাথ মজুমদার। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



