বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : ধলাইয়ের আমড়াঘাট এলাকার সেন্ট কেথারিনে সংঘটিত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ সফিক উদ্দিন লস্কর (৭৩)-এর অবশেষে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাথায় গুরুতর আঘাত থাকায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বুধবার তাঁকে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ভোটের দিন বিকেলে পূর্ব ধলাইয়ের আমড়াঘাট-বনতারাপুর পূর্ত সড়কের সেন্ট কেথারিন এলাকায় একটি বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হন গঙ্গানগর প্রথম খণ্ডের বাসিন্দা সফিক উদ্দিন লস্কর।



