বরাক তরঙ্গ, ১০ মে : রবিবার বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও দিনব্যাপী নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সের নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পীরা পরিবেশনায় অংশগ্রহণ করেন। তাঁদের নৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ক্লাবের সদস্যরা বক্তব্যে বলেন, যুগে যুগে পৃথিবীতে অনেক মনীষীর আবির্ভাব হয়েছে, যাঁরা মানুষকে সঠিক পথের সন্ধান ও পরামর্শ দিয়েছেন। তাঁদের দেখানো পথ অনুসরণ করেই আমরা এগিয়ে চলছি, আর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন পথের অনুসন্ধানও অব্যাহত রেখেছি। তাঁরা আরও বলেন, বিশ্বে প্রত্যেক ক্ষেত্রেই কারও না কারও অবদান রয়েছে। তেমনি বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আজও বিশ্বজুড়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দীপ্তিমান। তাঁর নাম স্মরণ না করলে বাংলা সাহিত্য যেন অপূর্ণই থেকে যায়। মেধা, মনন, চিন্তা ও আবেগ দিয়ে তিনি সাহিত্য, নৃত্য ও সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা নীহাররঞ্জন পাল, সভাপতি মনোতোষ পাল, সম্পাদক সিদ্ধার্থ বনিক, অসীম দেব, কৃপাসিন্ধু দেব, সুজিত দেব, জয়দীপ রায় বর্মন, বিকাশ দেব, বীরেন্দ্র জৈন প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন জনান্তিকা ভট্টাচার্য্য।



