বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : বলিউডের বিগ বাজেটের হিন্দি চলচ্চিত্র ‘মহাকাব্য শ্রীরামায়ণ কথা’-য় প্লেব্যাক ও আবহসংগীতে কণ্ঠ দেওয়া শিলচরের ঝালুপাড়ার তরুণ কণ্ঠশিল্পী বিশাল সোনার শুক্রবার শহরে ফিরে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন। শিলচর রেলওয়ে স্টেশনে তাঁর আগমনকে কেন্দ্র করে আত্মীয়স্বজন, সুহৃদ ও সমর্থকেরা গলায় গামছা ও উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা জানান। পরে জয়ধ্বনির মধ্য দিয়ে তাঁকে সম্মান জানানো হয়।
‘মহাকাব্য শ্রীরামায়ণ কথা’ ছবিতে বিশাল সোনারের কণ্ঠে ‘মঙ্গল ভবন অমঙ্গল হারি’ স্তোত্রটি ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। অভিষেক সিং পরিচালিত এই পৌরাণিক ছবিতে রামের চরিত্রে দেব শর্মা এবং সীতার ভূমিকায় অঞ্জলি অরোরা অভিনয় করেছেন; ছবিটি ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।
মনা সোনার ও টিকা সোনারের পুত্র বিশাল প্রায় তিন বছর আগে সংগীতের খ্যাতি অর্জনের উদ্দেশ্যে মুম্বইয়ে যান। মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে জাভেদ আলি, কৈলাশ খের ও শানের সঙ্গে একই প্রকল্পে গান রেকর্ড করার সুযোগ পেয়েছেন তিনি।
সংবর্ধনা পেয়ে বিশাল সোনার বলেন, “আজকের এই বিশেষ মুহূর্তে আমি গোর্খা কমিউনিটির সকল সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। উপস্থিত সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত।”
তিনি আরও বলেন, “বরাক উপত্যকার মানুষের কাছ থেকে এভাবে সম্মানিত হওয়া আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আগামী দিনেও সংগীতের মাধ্যমে আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই এবং বরাক উপত্যকার নাম আরও উজ্জ্বল করতে চাই।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, জাতীয় পরিসরে সংগীতে নিজের জায়গা তৈরি করা বিশাল সোনারের এই সাফল্য বরাক উপত্যকার তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।



