দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুন : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১০১তম প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর কেন্দ্রিক দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে এনএস এভিনিউয়ের ন্যাশনাল হাইওয়ে রোড পয়েন্টে স্থাপিত দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সমিতির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থের নেতৃত্বে উপস্থিত ছিলেন বীরেশ ব্যানার্জি, নীহার পুরকায়স্থ, বাবুল ধর, কবি-লেখক শতদল আচার্য্য, শিহাব উদ্দিন আহমদ, রসরাজ দাস, ডাঃ অমিত কলোয়ার, রোটারি ক্লাব ‘গ্রিন ল্যান্ড’-এর সভাপতি ঈশান পাটুয়া, বিশ্বজিৎ বণিক, সৌমিত্র পালিত, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক উত্তম সাহা, দিলীপ দে, হারান দে, নবদীপ দাস, সুরজিৎ সোম, শ্যামল বনিক, বিপ্লব রায়সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনাদর্শ, কর্মময় জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। সাধন পুরকায়স্থ তাঁর বক্তব্যে বলেন, চিত্তরঞ্জন দাশ ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিক, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সফল আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি নিজের বিপুল সম্পদ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে বাংলার ইতিহাসে ‘দানবীর’ হিসেবে খ্যাতি অর্জন করেন।
বীরেশ ব্যানার্জি বলেন, দেশবন্ধু অহিংসা ও সাংবিধানিক পদ্ধতির প্রতি আস্থাশীল ছিলেন। তিনি হিন্দু-মুসলিম ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন এবং জাতীয় স্বাধীনতার লক্ষ্যে উদার রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করেছেন। এ কারণেই সাধারণ মানুষ তাঁকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে।
শিহাব উদ্দিন আহমদ বলেন, চিত্তরঞ্জন দাশের জীবন স্বাধীনতা, ন্যায় ও জনকল্যাণের জন্য আত্মনিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর ত্যাগ ও সংগ্রাম আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
রসরাজ দাস তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে দেশবন্ধুর অবদান চিরস্মরণীয়। ব্রিটিশ শাসনামলে একাধিকবার কারাবরণ করেও তিনি হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে অটল ছিলেন। পাশাপাশি জাত-বৈষম্য ও অস্পৃশ্যতার বিরুদ্ধেও তিনি সোচ্চার ভূমিকা পালন করেন।
ডাঃ অমিত কলোয়ার বলেন, দেশবন্ধু ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রতীক। দেশ ও মানুষের জন্য তাঁর আত্মত্যাগ আজও কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের সভাপতি ঈশান পাটুয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন। শিলচর পৌর নিগমের পক্ষ থেকে সৌরভ দেব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অসাম্প্রদায়িক চেতনা, মানবকল্যাণমূলক আদর্শ এবং জাতীয় জীবনে তাঁর অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও তাঁর প্রয়াণ দিবসের মাধ্যমে দেশবন্ধুর আদর্শ, ঐতিহ্য এবং সমাজসেবামূলক ত্যাগকে স্মরণ ও জীবন্ত রাখার প্রয়াস অব্যাহত রাখা হয়েছে।



