পাথারকান্দি সিডিসি কার্যালয়ে ব্যাংক অব ইন্ডিয়ার সিএসআর সহায়তা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সাধারণ মানুষের কাছে প্রশাসনিক পরিষেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক অব ইন্ডিয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিলের আওতায় প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি প্রজেক্টর ও একটি ওয়াল-মাউন্টেড ফ্যান কার্যালয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রশাসনিক পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করার ক্ষেত্রে এই সরঞ্জামগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। বিশেষ করে প্রশাসনিক বৈঠক, প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি, সরকারি প্রকল্প সংক্রান্ত উপস্থাপনা এবং বিভিন্ন সভায় প্রজেক্টরটি ব্যবহার করা যাবে। অন্যদিকে, ওয়াল-মাউন্টেড ফ্যান কর্মীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ কর্মপরিবেশ তৈরিতে সহায়ক হবে। অসমের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও দিকনির্দেশনা অনুযায়ী রাজ্যের কো-ডিস্ট্রিক্ট কমিশনার কার্যালয়গুলিকে আরও শক্তিশালী ও জনমুখী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় পাথারকান্দি সিডিসি কার্যালয়ও সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজলভ্য প্রশাসনিক পরিষেবা পৌঁছে দিতে কাজ করে চলেছে।

কার্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ব্যাংক অব ইন্ডিয়ার এই সিএসআর সহযোগিতা প্রশাসনিক কাজের গতি ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সরকারি প্রশাসন এবং সামাজিকভাবে দায়িত্বশীল বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে প্রয়োজনীয় পরিকাঠামো আরও শক্তিশালী করা সম্ভব বলেও মত সংশ্লিষ্টদের। এই সহযোগিতার জন্য ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়। আগামী দিনেও জনস্বার্থে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *