শিলচর পুর নিগম নির্বাচন ঘিরে জেলা কংগ্রেস ভবনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে সামনে রেখে শিলচর জেলা কংগ্রেসে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বুধবার থেকে জেলা কংগ্রেস ভবনে পুর নিগমের ৪২টি ওয়ার্ডের জন্য দলীয় টিকিট প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় জেলা কংগ্রেস ভবনে।
শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বিধায়ক আমিনুল হক লস্কর-সহ দলের অন্যান্য পদাধিকারীর উপস্থিতিতে মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করা হয়।

জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে, দলীয় টিকিটের জন্য আবেদনকারীদের বায়োডাটা, সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকায় নাম এবং দলের হয়ে করা সাংগঠনিক ও জনকল্যাণমূলক কাজের বিবরণ জমা দিতে হচ্ছে। সংরক্ষিত ওয়ার্ডগুলির ক্ষেত্রে মহিলা ও তফসিলি জাতি (SC) প্রার্থীদের সংশ্লিষ্ট সংরক্ষণ শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

দলের এক শীর্ষ নেতা জানান, শিলচর পুর নিগমের প্রথম নির্বাচন কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তি, জনভিত্তি ও দলীয় কর্মকাণ্ডে ভূমিকা বিবেচনা করেই প্রার্থী বাছাই করা হবে। আবেদনগুলি যাচাই-বাছাই করে প্রদেশ কংগ্রেস কমিটির কাছে পাঠানো হবে বলেও তিনি জানান।

এদিকে, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া জোরদার করেছে। কংগ্রেসের টিকিট প্রত্যাশীরাও আবেদনপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

বিধায়ক আমিনুল হক লস্কর সংবাদমাধ্যমকে বলেন, এবারের পুর নিগম নির্বাচনে জনগণ কংগ্রেস প্রার্থীদের সমর্থন করবেন এবং কংগ্রেসই পুর নিগমের দখল নেবে বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, কংগ্রেস পৌর নিগমের দায়িত্ব পেলে শিলচর শহরের রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং অন্যান্য নাগরিক পরিষেবা আরও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে।
বিজেপির পক্ষ থেকে ওঠা ‘পরিবারতন্ত্র’-এর অভিযোগও তীব্র ভাষায় খণ্ডন করেন আমিনুল হক লস্কর। তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল যোগ্যতা ও জনসমর্থনকে গুরুত্ব দিচ্ছে।

এবারের নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড থেকে একাধিক কংগ্রেস নেতা-কর্মী দলীয় মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ২৬ নম্বর ওয়ার্ড থেকে বিধায়ক আমিনুল হক লস্করের পুত্র আরিফ মনসুর লস্কর, ১৭ নম্বর ওয়ার্ড থেকে সেবুল হোসেন সৌদিয়ল, ৮ নম্বর ওয়ার্ড থেকে মহিলা কংগ্রেস নেত্রী বন্দিতা ত্রিবেদী রায় এবং ৬ নম্বর ওয়ার্ড থেকে রঞ্জিত দেবনাথ প্রমুখ জেলা কংগ্রেস সভাপতির কাছে দলীয় টিকিটের আবেদন জমা দেন।

পুর নিগমের প্রথম নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলচরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার তৎপরতা। আগামী দিনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *