মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী পালন করল পাথারকান্দি সমজেলা প্রশাসন। এ উপলক্ষে পাথারকান্দি সমজেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ড. ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর বর্ণময় জীবন, সংগীতসাধনা এবং অসমীয়া সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, ড. ভূপেন হাজরিকা শুধু একজন কিংবদন্তি শিল্পী, গায়ক, সুরকার ও গীতিকার ছিলেন না; তিনি ছিলেন মানবতা, সাম্য, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সৃষ্টিতে অসমের মাটি ও মানুষের জীবন, প্রকৃতি, নদী, সুখ-দুঃখ, সংগ্রাম এবং স্বপ্নের
গভীর প্রতিফলন ঘটেছে।
অনুষ্ঠানে ব্রহ্মপুত্রের সঙ্গে ড. হাজরিকার গভীর আত্মিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়। তাঁর বহু গানে ব্রহ্মপুত্র কখনও জীবন ও সভ্যতার প্রতীক, আবার কখনও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসেবে উঠে এসেছে। অসমিয়া সঙ্গীত ও সংস্কৃতিকে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণ করা হয়।
জন্মশতবর্ষে তাঁর সৃষ্টির প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয়। বক্তাদের মতে, আধুনিকতার দ্রুত পরিবর্তনের মধ্যেও ভূপেন হাজরিকার গান নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, শিকড়ের সঙ্গে সম্পর্ক এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা দেয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তাঁর অমর সৃষ্টির আলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পাথারকান্দি সমজেলা প্রশাসনের এই আয়োজনে তাই শুধু মহান শিল্পীকে স্মরণ নয়, তাঁর মানবতাবাদী আদর্শকেও নতুন করে তুলে ধরা হয়।



