রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর: ‘দেশের স্বার্থে, অপশক্তির বিরুদ্ধে’ শীর্ষক কর্মসূচিকে সামনে রেখে শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল বের করল শাসকদল বিজেপি। কংগ্রেস, সিজেপি ও বামপন্থী শিবিরের বিরুদ্ধে আয়োজিত এই মিছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়। মিছিলে বিজেপির বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কণাদ পুরকায়স্থ, সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ-সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী।

মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে কংগ্রেসের সমালোচনা ও প্রচারের তীব্র বিরোধিতা করেন। তাঁর অভিযোগ, বিদেশি শক্তির অঙ্গুলিহেলনে কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিজেপি সরকার এ ধরনের প্রচার কোনওভাবেই মেনে নেবে না বলেও তিনি স্পষ্ট জানান।
কৌশিক রায়ের দাবি, নির্বাচনে বারবার ব্যর্থ হওয়ার কারণেই কংগ্রেস নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। তাঁর অভিযোগ, কংগ্রেস গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করছে এবং বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের মানুষ দলটিকে প্রত্যাখ্যান করেছেন। অসমে কংগ্রেস কার্যত রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেস ও সিজেপির প্রতিবাদ কর্মসূচির তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে মন্ত্রী বলেন, অশুভ শক্তিকে হাতিয়ার করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে আন্দোলন চালানো হচ্ছে। এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ জারি রাখবে বলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত মেলে।



