বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : ডিব্ৰুগড় জেলার টিংখাঙের রাজগড় পুলিশ ফাঁড়ির অন্তর্গত কাকবনী ব্লক গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ নিজেদের ঘর ভিতর থেকে উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতরা হলেন বাবলু কৈরী, তাঁর ৮ বছরের ছেলে এবং ৬ বছরের মেয়ে।
মনকা চা কারখানার কাছে অবস্থিত বাবলু কৈরীর ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘরের ভিতরেই তিনজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে থাকা পরিস্থিতি পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে বাবলু কৈরীর স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। বর্তমানে তিনি তামিলনাড়ুতে রয়েছেন বলে খবর। বাবলু ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ ছিল বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বাবলু আগে চেন্নাইয়ে থাকতেন। তিনি বাড়িতে ফিরে আসার পরই তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান বলে জানা গিয়েছে।

তবে পারিবারিক অশান্তির সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।



