বরাক তরঙ্গ, ১৮ মে : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় অম্বিকাপট্টি অবস্থিত প্রার্থনাগৃহে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায় অনুষ্ঠান নিশ্ছিদ্র ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচনায় সংস্থার সভাপতি চম্পালাল রায় প্রদীপ প্রজ্বলন করে এবং কবিগুরুর সন্ধ্যারতি প্রদর্শনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান উদ্বোধন করেন। দিব্যত্রয়ীর অনুধ্যানে পরিচালিত অনুষ্ঠানে উপস্থিতরা নির্মল আচার-আচরণে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন ধারার গান ও আবৃত্তিতে কবিগুরুর সাহিত্য ও সঙ্গীতকীর্তি স্মরণ করা হয়। সঙ্গীত পরিবেশনে অংশ নেন নিমন্ত্রিত অতিথি রাজু চক্রবর্তী ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য। উদ্দীপনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন।
এছাড়া শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের নিজস্ব সদস্যরাও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে সন্ধ্যাকে রসঘ্রাণ করে তোলেন। অনুষ্ঠানে সংস্থার সদস্যদের মাঝে দুই শিক্ষাবর্ষ ২০২৪–২৫ ও ২৬-এ মাধ্যমিকে কৃতিত্বসম্পন্ন ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত ছাত্রছাত্রীদের মধ্যে সুরদীপ বণিক, আয়ুষ্মান গুণ, শুভ্রদীপ রায় এবং শিলচর কলেজিয়েট স্কুলের টপার অনুদীপ্ত দাসকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শিলচর রামকৃষ্ণ মিশন সেবাাশ্রমের স্বামী বৈকুন্ঠানন্দজির রচিত বই উপহার প্রদান করা হয়। সংগঠনের সম্পাদক সুদীপ দাস অনুষ্ঠানটি সংস্থার নতুন উদ্যোগ হিসেবে বর্ণনা করে উপস্থিত শিল্পী ও সহযোগীদের মধ্যে দেবায়ন কর, রত্নজয় নাথ ও সুরদীপ বণিক ও অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকা জনান্তিকা ভট্টাচার্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



