কাঠুয়া ক্যাম্পে গুলি করে চার সহকর্মীকে খুনের অভিযোগ, গ্রেপ্তার CISF জওয়ান

Spread the news

২৯ সেপ্টেম্বর : নিরাপত্তা রক্ষীদের থাকার ক্যাম্পেই চলল গুলি। মৃত্যু হয়েছে চার CISF জওয়ানের। এই গুলি চালানোর অভিযোগ উঠেছে তাঁদেরই এক সহকর্মীর বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরের কাঠুয়ার CISF-এর ক্যাম্পের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত জওয়ানকে বলে জানিয়েছেন কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার মোহিতা শর্মা।

কাঠুয়ার পুলিশ এবং সিআইএসএফ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই গুলি চালানোর ঘটনা ঘটে কাঠুয়ার মাশকা গ্রামের কাছে। হিমাচল প্রদেশ রাজ্যের সীমানার কাছে মাশকা এলাকায়, সেবা নদীর পাশে, জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেখানে বচসার সময়ে গুলি চালান অভিদেশ কুমার নামে এক জওয়ান। তিনি সিআইএসএফের কনস্টেবল। নিজের কাছে থাকা একে-৪৭ রাইফেল থেকে গুলি চালান তিনি। তাতেই মৃত্যু হয় চার জনের।

ওই গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে সিআইএসএফের সহকারী কমান্ডান্ট অঙ্কিতকুমার পাণ্ডে, সাব ইনস্পেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং সন্দীপ কুমাে-র।

আধিকারিকরা জানান, গুলিবিদ্ধ হওয়ার ওই চারজনকেই আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হিমাচল প্রদেশের এনএইচপিসি হাসপাতালে। সেখানই মৃত্যু হয় তাঁদের।

ওই গুলি চালানোর পরেই অভিদেশকে ধরে ফেলেন অন্য সহকর্মীরা। অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করার পাশাপাশি কী নিয়ে এই বচসা হয় তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *