মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : উজান অসমের ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মরণে এবং দুর্গতদের প্রতি সংহতি জানিয়ে শ্রীভূমি শহরে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করল এআইডিএসও করিমগঞ্জ জেলা কমিটি। শহরের ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায় অস্থায়ী শোকবেদী নির্মাণ করে নিহতদের প্রতি নীরবতা পালন, পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তারা উজান অসমের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, এখনও বহু দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। খাদ্য, বিশুদ্ধ পানীয়জল, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের অভাবে অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এআইডিএসও’র করিমগঞ্জ জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল রাজ্য সরকারের ত্রাণ ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, দুর্যোগ মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বেড়েছে। তিনি অবিলম্বে বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া, খাদ্য, পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা, নিরাপদ আশ্রয় শিবির স্থাপন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
তিনি আরও জানান, মানবিক উদ্যোগের অংশ হিসেবে এআইডিএসও ও সহযোগী গণসংগঠনগুলো ইতোমধ্যে শিবসাগর ও যোরহাট জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ সংগ্রহ ও বিতরণ শুরু করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি করিমগঞ্জবাসীর প্রতি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে এআইডিএসও’র করিমগঞ্জ জেলা সভাপতি সুজিত কুমার পাল, রাজ্য কমিটির সদস্য জয়দীপ দাস, বাবলী দাসসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় রাজনৈতিক বিভেদ ভুলে মানবিকতার স্বার্থে সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা জরুরি।



