বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : নুনমাটির অন্তর্গত বন্ধরের সোপাইডাঙে প্রয়াত হিমাশ্ৰী বড়োর বাড়িতে সোমবার উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সম্ভাবনাময়ী ছাত্রী ও উদীয়মান নৃত্যশিল্পী হিমাশ্ৰী বড়োর অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শোকাহত বাবা-মায়ের পাশে থাকার আশ্বাস দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
হিমাশ্ৰী বড়োর রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টিকে রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি অসম পুলিশও ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, হিমাশ্রী অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে একটি নৃত্যানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। সেখান থেকে একা ফেরার সময় নিখোঁজ হন। পরবর্তীতে অন্ধ্রপ্রদেশের মালায়পুরম এলাকায় একটি জঙ্গলের মধ্যে পড়ে থাকা অবস্থায় হিমাশ্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ইভেন্ট ম্যানেজার গোবিন্দের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন সতীর্থরা।



