শিলচরে খোঁজের ধ্যানচাঁদের জন্মদিন পালন, সংবর্ধনা অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : হকি জগতের কিংবদন্তি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ সিংহের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিলচরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল সামাজিক ও ক্রীডা সংগঠন‘খোঁজ’ সংস্থা। একই অনুষ্ঠানে ক্রীড়া, সমাজসেবা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়।

শনিবার সন্ধ্যা ৬টায় সুভাষনগরের অগ্রণী ক্লাব হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুরুতেই মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথি ও উপস্থিত সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক রীতেন ভট্টাচার্য। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মী প্রশান্তকুমার দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজিত দেব, বুদ্ধ ভট্টাচার্য, মিলন উদ্দিন লস্কর, রেজাউল করিম বড়ভূইয়া ও শংকর দাস।

বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা মেজর ধ্যানচাঁদের বর্ণময় ক্রীড়াজীবন এবং ভারতীয় হকিতে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি ‘খোঁজ’ সংস্থার ধারাবাহিক সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডেরও ভূয়সী প্রশংসা করেন তাঁরা।

আরতিরানি দেব, প্রাণেশরঞ্জন দেব ও পূর্ণচন্দ্র পালের স্মৃতিতে প্রবর্তিত সম্মাননা স্মারক বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় বিশ্বজিৎ ঘোষ, ক্রিকেটার বাপ্পি দাস ও দীপঙ্কর দেব, ফুটবলার জসিম উদ্দিন লস্কর, হিরন্ময় দাস ও শান্তনু দাস, নাট্যকার বাবলু রায়, রক্তদাতা নবেন্দু সাহা, মহিলা ফুটবল রেফারি থাইজুন নও শিতন্তী, সমাজসেবী মাধব সাহা ও মাফুজুল বাড়ি, যোগাসন প্রশিক্ষক অতুওম নাথ এবং প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ প্রশান্ত চৌধুরী।

মুখ্য অতিথি প্রশান্তকুমার দাস ‘খোঁজ’-এর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সংবাদপত্র খুললেই সংস্থাটির বিভিন্ন কর্মসূচির খবর চোখে পড়ে। সারা বছর ধরে এতগুলি কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা সত্যিই প্রশংসনীয়। তিনি সংস্থাটির আরও সাফল্য কামনা করেন।
সংবর্ধনা পেয়ে নাট্যকার বাবলু রায় ‘খোঁজ’ সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মান তিনি আজীবন মনে রাখবেন। ভাস্কর চৌধুরীও ভবিষ্যতে সংস্থার পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
অগ্রণী ক্লাবের সাধারণ সম্পাদক জানান, প্রয়োজনে ক্লাবের হল, মাঠসহ বিভিন্ন পরিকাঠামো ‘খোঁজ’-এর সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানের শেষে ‘খোঁজ’-এর সাধারণ সম্পাদক সজল লস্কর উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনেও সকলের সহযোগিতা পেলে আরও বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তিনি সকলকে সংস্থার পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘খোঁজ’-এর কোষাধ্যক্ষ কামাল লস্কর, রেজওয়ান খানসহ অগ্রণী ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *