দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচরে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আনন্দমার্গের ৫৭তম ‘বাবা নাম কেবলম’ কীর্তন দিবস। এ উপলক্ষে হাইলাকান্দি রোডের রবীন্দ্র সরণিতে অবস্থিত আনন্দমার্গ আশ্রম থেকে শহরে কীর্তন পরিক্রমা ও পথসভার আয়োজন করা হয়। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আনন্দমার্গের বহু ভক্ত অংশ নেন।
আনন্দমার্গের পক্ষ থেকে জানানো হয়, ১৯৭০ সালের ৮ অক্টোবর তৎকালীন বিহারের আমঝরিয়া ফরেস্ট রেস্ট হাউস প্রাঙ্গণে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবর্তক ও ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্তিজি ‘বাবা নাম কেবলম’ অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্রের প্রবর্তন করেন। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতি বছর ৮ অক্টোবর কীর্তন দিবস পালন করা হয়।
বৃহস্পতিবারের কীর্তন পরিক্রমায় উপস্থিত ছিলেন আনন্দমার্গ আশ্রমের ডায়োসিস সেক্রেটারি আচার্য ভক্তি নিষ্ঠানন্দ অবধূত, জেলার ভুক্তি প্রধান পান্না রায়, ডা. তন্ময় রায়, ডা. হিরন্ময় রায়, ববি রায়, সমর পাল, সম্পা দে, রুবি দাস, স্বপ্না রায়-সহ অন্যান্য ভক্তরা।
পান্না রায় বলেন, পরমপুরুষ সবার মধ্যে নিহিত রয়েছেন। তাঁকে উপলব্ধি করতে হলে মনকে শান্ত ও স্থির করা প্রয়োজন। তাঁর কথায়, দুধের মধ্যে যেমন মাখন লুকিয়ে থাকে, তেমনি মানুষের মনের মধ্যেও পরমপুরুষের উপস্থিতি রয়েছে। কীর্তনের মাধ্যমে মনকে শান্ত ও একাগ্র করা যায় এবং এর ফলে মানুষের মধ্যে শান্তি ও আনন্দের অনুভূতি জাগে। তাই সাধনার সহায়ক হিসেবে কীর্তনের গুরুত্ব রয়েছে।

কীর্তন পরিক্রমা ও পথসভার মাধ্যমে এদিন ‘বাবা নাম কেবলম’ মন্ত্রের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মানবতা, ভালোবাসা ও ঐক্যের বার্তাও প্রচার করা হয়।



