বিপ্লবী উল্লাসকর দত্তের প্রয়াণদিবস পালন

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মে : প্রবল বর্ষণ উপেক্ষা করে রবিবার সকালে একদল জনতা উপস্থিত হলেন শিলচর শ্মশানঘাটে, উল্লাসকর দত্ত স্মৃতিসৌধে। মহান বিপ্লবীর মহাপ্রয়াণ দিবসে স্মৃতিসৌধে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানান। ছাতা মাথায়ই তাঁরা উল্লাসকর চর্চা করেন। আয়োজক ছিল প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটি, শিলচর। তাঁরাই শিলচরে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মদিন ও প্রয়াণদিবস পালন করেন। কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়চৌধুরী বলেন, এমন উঁচুমাপের বিপ্লবী তাঁর শেষজীবন এখানে কাটিয়ে আমাদের এই অঞ্চলকে ধন্য করে গিয়েছেন। ১৯৬৫ সালের ১৭ মে তারিখে উল্লাসকরের মৃ্ত্যুর পর রাজনৈতিক নেতারা তাঁর স্মৃতিতে শিলচর শ্মশানে একটি সৌধ নির্মাণের প্রস্তাব দিলেও কেউ কথা রাখেননি। দীর্ঘদিন পরে এসিএস অফিসার শ্যামল দেব এগজিকিউিভ অফিসার নিযুক্ত হলে পরিতোষ দে-র (বর্তমানে প্রয়াত) নেতৃত্বে তাঁরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন, উল্লাসকরের স্মৃতিসৌধ নির্মাণের আর্জি জানান। শ্যামল দেব প্রথমে জমি চিহ্নিতকরণ ও পরে সৌধ নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন।

এই সৌধে উল্লিখিত তথ্যগুলি এখন পড়তে কষ্ট হয় বলে কিছুদিনের মধ্যে সেগুলি ঠিক করার ব্যবস্থা নিচ্ছেন বলে জানান গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অশোককুমার দেব। এদিনের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন পীযূষ চক্রবর্তী, নন্দদুলাল সাহা, উত্তমকুমার সাহা, সৌগত পাল, নিতাই বরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *