বরাক তরঙ্গ, ৪ আগস্ট : উজান অসমের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে দাওয়াতে ইসলামি ইন্ডিয়ার মানবিক শাখা গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (GNRF)। বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছেন।
এই মানবিক উদ্যোগে অংশ নিতে শিলচর, গুয়াহাটি, বরপেটা, দরং-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে GNRF ও দাওয়াতে ইসলামি ইন্ডিয়ার কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা শিবসাগরে পৌঁছেছেন। তাদের সঙ্গে সমন্বয় করে সক্রিয়ভাবে কাজ করছে GNRF-এর কাছাড় জেলা কমিটি।
সংস্থার স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন। ত্রাণের মধ্যে রয়েছে রেশন সামগ্রী, মশারি, রান্নার বাসনপত্রসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। পাশাপাশি একাধিক এলাকায় রান্না করা খাবার প্রস্তুত করে বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।

GNRF-এর সদস্যরা জানান, শিবসাগরের বেশ কয়েকটি এলাকায় এখনও বহু পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে অবস্থান করছেন। এ অবস্থায় দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংস্থার কর্মকর্তারা জানান, মানবসেবার লক্ষ্যেই GNRF সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আগামীকাল বন্যাদুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবারও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, চলমান বন্যায় শিবসাগর জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ এখনও বন্যার প্রভাব কাটিয়ে ওঠার সংগ্রাম করছেন। এমন পরিস্থিতিতে GNRF-এর ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম দুর্গত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।



