রঞ্জিতকুমার রায়ের স্মৃতিচারণ জেলা কংগ্রেসের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট :
দীর্ঘদিনের একনিষ্ঠ কংগ্রেস কর্মী, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত রঞ্জিতকুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে মঙ্গলবার শ্রীভূমি (করিমগঞ্জ) জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এক আবেগঘন শোকসভার আয়োজন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত নেতার রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান এবং মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শোকসভার শুরুতে রঞ্জিতকুমার রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর কর্মময় জীবন, কংগ্রেসের প্রতি নিষ্ঠা, সামাজিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, বরং সততা, নিষ্ঠা, মানবিকতা ও সংস্কৃতিচর্চার জন্য সকলের কাছে সমানভাবে শ্রদ্ধেয় ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, রঞ্জিতকুমার রায় ছিলেন “আপাদমস্তক একজন কংগ্রেসি”। ছাত্রজীবন থেকেই তিনি কংগ্রেসের আদর্শে বিশ্বাসী ছিলেন। প্রয়াত প্রবীর ভট্টাচার্য এনএসইউআই-এর সভাপতি থাকাকালীন তিনি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুব কংগ্রেস থেকে জেলা কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি জানান, পরবর্তীকালে আসাম সরকারের পঞ্চায়েত বিভাগে চাকরিতে যোগ দিলেও দলীয় আদর্শ থেকে কখনও বিচ্যুত হননি রঞ্জিত কুমার রায়। সুযোগ পেলেই তিনি ইন্দিরা ভবনে এসে দলীয় সহকর্মীদের সঙ্গে সময় কাটাতেন এবং সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন।

রাজনীতির পাশাপাশি সংস্কৃতিচর্চায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল বলে জানান তাপস পুরকায়স্থ। তিনি বলেন, নাট্যাভিনয়ের প্রতি রঞ্জিত কুমার রায়ের ছিল গভীর অনুরাগ। করিমগঞ্জ নাট্য গোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে প্রয়াত কেতকীপ্রসাদ দত্ত, প্রবীর ভট্টাচার্যসহ বহু বিশিষ্ট নাট্যব্যক্তিত্বের সঙ্গে তিনি অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। সভায় বক্তারা বলেন, রঞ্জিত কুমার রায়ের মৃত্যুতে জেলা কংগ্রেস একজন নিবেদিতপ্রাণ কর্মীর পাশাপাশি একজন অভিভাবকসুলভ সহযোদ্ধাকে হারিয়েছে। তাঁর শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে।

শোকসভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান সাহাদত আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস, রাজা দত্ত, তাপস চক্রবর্তী, ধ্রুবজ্যোতি দাস, অহিরঞ্জন দে, টিনা সেন, নিতাই রায়সহ দলের একাধিক নেতা-কর্মী। সভা শেষে প্রয়াত রঞ্জিত কুমার রায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় দুই মিনিট নীরবতা পালন করা হয় এবং গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রঞ্জিত কুমার রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *