বরাক তরঙ্গ, ২৫ মে : মিজোরামের সের্চিপের তুইখুয়াহ ভেঙা এলাকায় নির্মীয়মাণ একটি আরসিসি রিটেইনিং ওয়াল ধসে পড়ে একটি অটো-রিকশার উপর। সোমবার বিকেল প্রায় ৪টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা।
জানা গেছে, ধসে পড়া দেওয়ালটি রাস্তার পাশে নির্মাণাধীন ছিল। সেই সময় সেখানে দিয়ে যাওয়া একটি অটো-রিকশা (MZ-06/5511) দেওয়ালের নিচে চাপা পড়ে যায়। দুর্ঘটনায় অটোচালক লালমুয়ানপুইয়া গুরুতর আহত হন। তিনি লালনুনমাওয়ার পুত্র এবং এওসি লেন-২ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত চালককে উদ্ধার করে সার্চিপ জেলা হাসপাতালে ভর্তি করেন। তবে প্রাথমিকভাবে তাঁর আঘাত আশঙ্কাজনক নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, নির্মীয়মাণ রিটেইনিং ওয়ালের কাজের দায়িত্বে ছিলেন হ্নাথিয়াল এলাকার ঠিকাদার পু সি. জোরেমসাঙ্গা। প্রায় ৩০ ফুট উচ্চতার এই দেওয়ালের নির্মাণকাজ চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল বলে জানা গেছে। দ্রুত কাজ শেষ করার লক্ষ্যেই নির্মাণকাজ চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।



