শিলচরে উন্নয়নের নতুন ধারা শুরু করতে বিজেপি-অগপ জোটকে সমর্থনের আহ্বান অতুল বরার

Spread the news

৩১ নম্বর ওয়ার্ডে কুলদীপের সমর্থনে মন্ত্রীর নির্বাচনী সভা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি-অগপ মিত্রজোটের প্রার্থী কুলদীপ নিহাল চৌধুরীর সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। চেংকুড়ি রোডের একটি বিবাহ ভবনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অসমের মন্ত্রী তথা অগপ সভাপতি অতুল বরা।

সভায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে অতুল বরা আগামী ৩ অক্টোবর কুলদীপ নিহাল চৌধুরীসহ বিজেপি-অগপ জোটের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন জানান।

তিনি বলেন, প্রথমবারের মতো শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচন শহরের নাগরিক উন্নয়নের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। শিলচরের উন্নয়নে জোটের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি উন্নত নাগরিক পরিষেবা ও পরিকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

কংগ্রেসের সমালোচনা করে অতুল বরা অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালীন দলটি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। শিলচরে উন্নয়নের নতুন ধারা শুরু করতে বিজেপি-অগপ জোটকে সমর্থনের আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যও। কংগ্রেসের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি জনগণ ও দেশের সেবা করতে ব্যর্থ হয়েছে। ‘কংগ্রেস-মুক্ত’ ভারত গঠনের লক্ষ্যের কথা তুলে ধরে বিজেপি-অগপ জোটের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য বাস্তবায়নে জোটকে সমর্থনের আহ্বান জানান সাংসদ। ৩১ নম্বর ওয়ার্ডে কুলদীপ নিহাল চৌধুরীকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।

জোট প্রার্থী কুলদীপ নিহাল চৌধুরী ওয়ার্ডবাসীর আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণের পাশাপাশি নাগরিক পরিষেবার উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিজেপি-অগপ জোট সমন্বিতভাবে কাজ করে এলাকায় দৃশ্যমান উন্নয়ন আনতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কুলদীপ।
অগপ শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন)-এর বিশেষ উদ্যোগে সভাটি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন অগপ নেতা অপূর্ব ভট্টাচার্য, এনএইচ মজুমদার, সুনীল ডেকা, বিমলেন্দু সিংহ, সুজিত দেব, কাছাড় জেলা কমিটির সম্পাদক সুজিত শর্মা, মমিনুল হক লস্কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *