বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : অপহরণ ও তোলাবাজির অভিযোগে মণিপুরে এক জঙ্গি সদস্য ও এক ছাত্রনেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মণিপুর পুলিশ।
পুলিশের বিবৃতি অনুযায়ী, সোমবার ইম্ফল পূর্ব জেলার সানজেনবাম খুনৌ এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের কমান্ডো ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। ওই অভিযানে নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (নংদ্রেনখোম্বা)-র সক্রিয় সদস্য ২৩ বছর বয়সি ওয়াইখোম হেরো মেইতেইকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে ওই ব্যক্তি এর আগে জেলার একটি বাড়ি থেকে এক মহিলাকে অপহরণের ঘটনায় জড়িত ছিলেন। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁকে লামলাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে ইম্ফল পূর্ব জেলা মণিপুর স্টুডেন্টস ফেডারেশন (MSF)-এর সভাপতি ২৪ বছর বয়সি ওয়াইখোম সেনাকে গ্রেফতার করা হয়। সোমবার লুয়াংসাংবাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের দাবি, ওয়াইখোম সেনা নিষিদ্ধ ন্যাশনাল রেভলিউশনারি ফ্রন্ট মণিপুরের সক্রিয় সদস্য। সংগঠনের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য নিবন্ধ ও লেখা তৈরি এবং প্রচারের কাজে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। এছাড়া অনুমোদনহীন আর্থিক লেনদেনেও তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তাঁর কাছ থেকে তোলাবাজির ২ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি সংগঠনের নিবন্ধ ও প্রেস বিজ্ঞপ্তি তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।



