বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : দেশাত্মবোধের আবেগ ও উদ্দীপনার সঙ্গে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রীকোণায় বর্ণাঢ্য তেরঙ্গা বাইক র্যালির আয়োজন করল আসাম রাইফেলস। র্যালিতে শতাধিক বাইকার অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁরা দেশপ্রেম, ঐক্য ও জাতীয় গৌরবের বার্তা তুলে ধরেন। র্যালিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দেশাত্মবোধ জাগ্রত করা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আসাম রাইফেলসের এই উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।
উদযাপনের অংশ হিসেবে শ্রীকোণা এলপি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারাও তেরঙ্গা পদযাত্রায় অংশ নেন। পাশাপাশি আয়োজন করা হয় দেশাত্মবোধক গান প্রতিযোগিতা ও নৃত্য পরিবেশনের। অনুষ্ঠানে একটি বিশেষ মতবিনিময় পর্বও অনুষ্ঠিত হয়। সেখানে ‘বন্দে মাতরম’ ও জাতীয় পতাকার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং ছাত্রছাত্রীদের দেশপ্রেম, ঐক্য ও জাতীয় গৌরবের মূল্যবোধে উদ্বুদ্ধ করা হয়।
তেরঙ্গা বাইক র্যালিটি জাতীয় পতাকার ছায়াতলে আসাম রাইফেলসের জওয়ান ও স্থানীয় জনগণকে একত্রিত করে সম্মিলিত দেশপ্রেমের এক শক্তিশালী বার্তা তুলে ধরে। ‘এক দেশ, এক চেতনা, এক সম্মিলিত সংকল্প’-এর ভাবনায় আয়োজিত এই কর্মসূচি শ্রীকোণায় দেশাত্মবোধের আবহ আরও জোরদার করে।



