অসমে গঠিত হচ্ছে দেশের প্রথম রাজ্য উচ্চশিক্ষা পরিষদ, বিধানসভায় পাস ঐতিহাসিক বিল

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : দেশের মধ্যে প্রথমবারের মতো অসমে গঠিত হতে চলেছে একটি রাজ্য উচ্চশিক্ষা পরিষদ। বুধবার অসম বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে ধ্বনিভোটে ‘অসম রাজ্য উচ্চ শিক্ষা পরিষদ বিল’ গৃহীত হওয়ার পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু বিধানসভায় বিলটি উত্থাপন করেন।
মূলত ৩১ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও উজান অসমের তিনটি জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস অধিবেশন নির্ধারিত সময়ের দু’দিন আগেই, অর্থাৎ ২৯ জুলাই শেষ করার ঘোষণা দেন। ফলে ১৬ দিনের পরিবর্তে ১৪ দিনেই বাজেট অধিবেশনের সমাপ্তি ঘটে।

শেষ দিনের অধিবেশনে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। মন্ত্রী কেশব মহন্তের পক্ষে সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজরিকা বিভিন্ন বিল বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন। এর মধ্যে ছিল ‘অসম ভূমি ও রাজস্ব নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল, ২০২৬’, ‘নিবন্ধন (অসম সংশোধনী) বিল, ২০২৬’, ‘ভারতীয় স্ট্যাম্প (অসম সংশোধনী) বিল, ২০২৬’ এবং ‘অসম ভূমিক্ষেত্রের সীমা নির্ধারণ (সংশোধনী) বিল, ২০২৬’। সবকটি বিলই বিধানসভায় গৃহীত হয়।

এছাড়া পীযূষ হাজরিকা ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষকের ৩১ মার্চ ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য অসম সরকারের সামাজিক, অর্থনৈতিক ও সাধারণ খাত সম্পর্কিত ২০২৬ সালের প্রতিবেদন (রিপোর্ট নং–৩) বিধানসভায় পেশ করেন।

অধিবেশনের শুরুতে উজান অসমের তিনটি জেলায় সাম্প্রতিক বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *