ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুন : অসম হকি সংস্থার বার্ষিক সাধারণ সভা নগাঁওয়ের নুরুল আমিন স্টেডিয়াম সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সে সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আসন্ন মরশুমে রাজ্যে অনুষ্ঠেয় বিভিন্ন হকি প্রতিযোগিতা সম্পর্কে বিশদে আলোচনা হয়। সভাপতি তপনকুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় হাইলাকান্দিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের সিনিয়র আন্তঃজেলা আসর আয়োজিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনকে অনূর্ধ্ব ১৪ ছেলেদের আসর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জুলাইয়ের প্রথম সপ্তাহে নগাঁওয়ে সাব জুনিয়র মহিলা আন্তঃজেলা আসর বসছে। কলিয়াবরে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে হবে পুরুষদের জুনিয়র আন্তঃজেলা আসর। তৃতীয় মাসে নাহরকটিয়ায় হবে জুনিয়র মহিলা টুর্নামেন্ট। অক্টোবরের তৃতীয় সপ্তাহে তিনসুকিয়ায় হবে সাব-জুনিয়র ছেলেদের আন্তঃজেলা আসর। অক্টোবরেই চরাইদেওয়ে হবে সিনিয়র পুরুষদের আন্তঃজেলা আসর। আন্তঃজেলা আসরের জন্য প্রতিটি আয়োজক জেলাকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়।
বরাক উপত্যকা থেকে অসম হকির এজিএমে অংশগ্রহণ করেন তাহেরা বেগম লস্কর (শিলচর), রঞ্জিতা সিংহ ও বিদ্যাবান সিংহ (হাইলাকান্দি), এমাদ উদ্দিন ও সেলিম আহমদ (করিমগঞ্জ হকি)। খেলোয়াড়দের পোর্টাল রেজিস্ট্রেশন কীভাবে মসৃণভাবে করা যায়, সে বিষয়েও এদিন বিশদে আলোচনা করা হয়েছে।



