বরাক তরঙ্গ, ২৮ জুলাই : লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কারকাজ মঙ্গলবার সন্ধ্যা থেকে অবিরাম ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ভূমিধসের কারণে রেললাইনের ১ ও ২ নম্বর লাইনে ট্র্যাক বসে যাওয়ার (ট্র্যাক সেটেলমেন্ট) ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ চলছিল এবং মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংস্কারকাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে সন্ধ্যার পর হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।
এনএফআরের কর্মকর্তারা জানান, আবহাওয়ার অবনতি ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে সংস্কারকাজে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। আবহাওয়া অনুকূলে এলেই পুনরায় কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে শুধুমাত্র ৩ নম্বর লাইন ব্যবহার করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সীমিত সংখ্যক ট্রেন চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাতের বেলায় ট্রেন চলাচলের ওপর বিধিনিষেধ বহাল রয়েছে। এর ফলে লামডিং–বদরপুর পাহাড়ি শাখায় একাধিক ট্রেন বাতিল, আংশিক বাতিল, বিলম্বিত এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেলপথ সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করার পরই স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। এদিকে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



