শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব সার্কলের অন্তর্গত কাটিগড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছে। এই অভিযোগের মধ্যেই শাসকদলের যুব মোর্চার সভাপতি সন্দীপ কুমার নাথ-সহ চারজনের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ দালাল চক্রের অন্যতম অভিযুক্ত শাকিব আহমেদ বড়ভূইয়াকে গ্রেফতার করে। ঘটনা সম্পর্কে ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১৩৬ এবং ৩০৮(২) ধারায় ৬৪/২০২৬ নম্বরে মামলা রুজু করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিবাহ নিবন্ধন এবং জমি ক্রয়-বিক্রয়ের কাজে দালাল চক্র সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। বিশেষ করে, বিবাহ নিবন্ধনের সরকারি ফি প্রায় ৫৬০ টাকা হওয়ার বিপরীতে একাংশের কাছ থেকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ উঠেছে।
এছাড়াও, সরকারি অনুমোদন না থাকা একাংশের দলিল লেখক তথা দালাল কার্যালয়ের ভিতরে বসেই বিভিন্ন কাজকর্ম চালিয়ে আসছেন বলেও অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিও এই অভিযোগকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কাটিগড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে স্বচ্ছ ও জনবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন একাংশের ভুক্তভোগীরা।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা নিয়েও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।



