জোর করে বৌমাকে গোমূত্র খাওয়ানোর অভিযোগ, মামলা প্রাক্তন সাংসদের বিরুদ্ধে

Spread the news

১২ জুলাই : দিনের পর দিন মানসিক নির্যাতন, শারীরিক হেনস্থা চলছিলই বলে অভিযোগ। এ বার ‘কালো জাদু’র নামে বৌমাকে জোর করে গোমূত্র খেতেও বাধ্য করার অভিযোগ উঠল উদ্ধবসেনার এক প্রাক্তন সাংসদ বিনায়ক রাউতের বিরুদ্ধে। পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে মহারাষ্ট্র পুলিশ। একই সঙ্গে মামলা রুজু হয়েছে বিনায়কের ছেলে তথা কাউন্সিলার গীতেশ রাউত এবং দুই তান্ত্রিক ফিরোজ এবং কাজির বিরুদ্ধে।

থানের নেতা বিনায়কের পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছেন। দিনের পর দিন তাঁকে বাড়িতে খেতে দেওয়া হয়নি। এমনকী কুসংস্কারের বশে তাঁকে জোর করে গোমূত্র খাওয়ানো এবং তাঁর চুল ছিঁড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। গিরিজার আরও অভিযোগ, উটিতে মধুচন্দ্রিমায় যাওয়ার পর থেকেই তাঁর স্বামী তাঁর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে অস্বীকার করেন। অস্ট্রেলিয়া সফরেও তাঁদের মধ্যে দূরত্ব বজায় ছিল। এ নিয়ে গিরিজা প্রতিবাদও করেছিলেন। তার বদলে জুটেছিল মার। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে সকলের সামনে তাঁকে অপমান করা হতো। গিরিজার দাবি, তাঁর শাশুড়ি সব জেনেও কোনও পদক্ষেপ করেননি।

পুলিশ জানিয়েছে, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বিনায়ক বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজনীতিতে বিনায়ক উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ বলেই পরিচিত। দলে ভাঙন ঘিরে এই মুহূর্তে বিস্তর টানাপড়েন চলছে উদ্ধবসেনার অন্দরে। তার মধ্যেই দলের এক ওজনদার নেতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের এই অভিযোগ উদ্ধব শিবিরকে আরও অস্বস্তিতে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *