ধলাই ফেরিঘাটে স্থায়ী সেতুর দাবিতে সরব গ্রামবাসী

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ জুন : ধলাই ফেরিঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে ফের সরব হলেন দেবীপুর ও মহাদেবপুর গ্রামের বাসিন্দারা। সোমবার শতাধিক গ্রামবাসী ধোলাই-সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে ফেরিঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ধলাই ফেরিঘাটই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু স্থায়ী সেতুর অভাবে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি তোলেন তারা।

পরে একটি প্রতিনিধিদল ধলাই সমজেলা কার্যালয়ে গিয়ে সহকারী কমিশনার দীক্ষা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে ফেরিঘাটের উভয় প্রান্তে সোলার লাইট স্থাপনের দাবি জানায়। পাশাপাশি ফেরিঘাট এলাকায় আবর্জনা ফেলা বন্ধ করা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিন উপস্থিত গ্রামবাসী ধলাই জিপির সভানেত্রী গৌরি পালের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের দাবি, সভানেত্রীর উদ্যোগে ফেরিঘাট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। ফলে বর্তমানে এলাকাটি আগের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হয়ে উঠেছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মলকান্তি দাস, জীবনগ্রাম জিপির সহ-সভাপতি শিমু দাস, গ্রুপ সদস্য শুভ্রাংশু দাস, বিট্টু আচার্য, সুব্রত দাস, মৃণাল দাস, প্রভাস দাস লস্কর, শুভাশিস দাস, বাবলু বড়ভূইয়া সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *