মণিপুরের কাংরেংধর গ্রামে বিশেষ মেডিক্যাল ক্যাম্প আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুন : সীমান্তবর্তী দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কল্যাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সোমবার ফেজারওয়াল জেলার কাংরেংধর গ্রামে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করল আসাম রাইফেলস।

দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন কাংরেংধর গ্রামে সড়ক যোগাযোগের অভাবের পাশাপাশি নেই প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোও। প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতিকে উপেক্ষা করে আসাম রাইফেলসের একদল বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সামগ্রী নিয়ে নৌপথে গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এই মেডিক্যাল ক্যাম্পে কাংরেংধর ছাড়াও কাংরেং, মইনাদর, তুইলেন এবং আশপাশের অন্যান্য গ্রামের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মোট ৩৭০ জন ব্যক্তি চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধের সুবিধা গ্রহণ করেন। চিকিৎসক দল বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার চিকিৎসা প্রদান করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

আসাম রাইফেলসের এই উদ্যোগ প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষের কাছে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। কঠিন যোগাযোগ ব্যবস্থা ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গ্রামে পৌঁছে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য স্থানীয় বাসিন্দারা আসাম রাইফেলসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক এই ধরনের উদ্যোগের মাধ্যমে আসাম রাইফেলস প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি তাদের স্বাস্থ্য, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *