বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : দুর্গাপূজাকে সামনে রেখে শিলচরে আরআর ফ্যাশনের উদ্যোগে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা প্রদর্শনী ও বিক্রয় মেলার শুভ সূচনা হয়েছে। বুধবার বিকেলে শিলচর কাছাড় ক্লাবের কনফারেন্স হলে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। প্রদীপ প্রজ্বলন ও মা দুর্গার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই মেলা। এবারের আয়োজনে রয়েছে মোট ৪০টি স্টল। স্থানীয় মহিলা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন সামগ্রী এখানে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে হাতে তৈরি ব্যাগ, মোমবাতি, রূপচর্চার সামগ্রী, উপরত্নের ব্রেসলেট ও আংটি, আধুনিক শাড়ি ও পোশাক, উলের তৈরি সামগ্রী, হাতে তৈরি কেকসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বর্ণালী চৌধুরী বলেন, দুর্গা শুধু দেবী নন, তিনি শক্তি, নারীশক্তি, সৃষ্টি ও আত্মবিশ্বাসের প্রতীক। দুর্গাপূজার সময় নারীদের কাজ, প্রতিভা ও স্বনির্ভরতার বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক বলেও তিনি উল্লেখ করেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নিজেদের দক্ষতা ও প্রতিভার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। ব্যবসা ও প্রদর্শনীর মতো উদ্যোগের মাধ্যমে নারীদের স্বনির্ভরতার পথ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাজকর্মী সুমিতা চৌধুরী আর.আর ফ্যাশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মাত্র দুই মাসের মধ্যে ৪০টি স্টল নিয়ে এমন আয়োজন করা তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের পরিচয়। আগামী দিনে এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাজকর্মী পল্লবিতা শর্মা বলেন, বরাক উপত্যকায় নারী উদ্যোক্তাদের নিয়ে নতুন ব্যবসায়িক ও শিল্পক্ষেত্র তৈরি হওয়া আশাব্যঞ্জক। পরিবারের দায়িত্ব, সন্তান পালন কিংবা চাকরির পাশাপাশি সময় বের করে নিজেদের প্রতিভাকে বাণিজ্যিক উদ্যোগে রূপ দেওয়া মহিলাদের প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, অর্থনৈতিক স্বনির্ভরতার পাশাপাশি নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করাও নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ দিক।

আরআর ফ্যাশনের পক্ষ থেকে ঋদ্ধি দে বলেন, এই প্রদর্শনীতে সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারের আয়োজনে প্রায় ১০ জন নতুন মহিলা উদ্যোক্তা যুক্ত হয়েছেন। প্রতি বছর নতুন সদস্য যুক্ত হওয়ায় আর.আর ফ্যাশনের পরিবার ক্রমশ বড় হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অর্পিতা দেবাশিস, মীনাক্ষী দাস, অর্পিতা চৌধুরী, বাসবী রায়, নবনীতা দত্ত সেনগুপ্তসহ বহু মহিলা উদ্যোক্তা উপস্থিত ছিলেন।



