বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : প্রাক্তনীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের পুনর্মিলন, অভিজ্ঞতা বিনিময় এবং বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আগামী ১৪ অক্টোবর প্রাক্তনী সমাবেশের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।
সমাবেশে প্রাক্তনীরা তাঁদের পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সমাজকর্ম বিভাগের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির পদাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
আনুষ্ঠানিক পর্বের পর বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় প্রাক্তনীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই সকল প্রাক্তনীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা ও মূল্যবান মতামতের মাধ্যমে এই মিলনোৎসবকে স্মরণীয় করে তোলার আহ্বান জানিয়েছেন।



