বরাক তরঙ্গ, ১৯ জুন : মহানগরী গুয়াহাটির এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, গত ১৬ জুন জাকির আলি নামে এক যুবক পরিকল্পিতভাবে তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, ১৫ জুন রাতে ছাত্রীর এক সহপাঠী ফোন করে জানায় যে পরদিন, অর্থাৎ ১৬ জুন, কলেজে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে। সেই খবরের ভিত্তিতেই ছাত্রীটি ১৬ জুন সকালে কলেজে যায় এবং পরীক্ষাতেও অংশ নেয়।
ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের দাবি, সকাল ১০টার পর ওই সহপাঠী ছাত্রীকে কৌশলে নিজের ভাড়া বাড়িতে নিয়ে যায়। পরে গভীর রাতে তাকে বেলতলা এলাকায় পাঠানো হয়, যেখানে জাকির আলির সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেওয়া হয়।
অভিভাবক জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। তবে কলেজ কর্তৃপক্ষ জানায়, ওই দিন কোনও মিটিং বা সভার আয়োজন করা হয়নি। এরপর সহপাঠীর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের কথা জানানো হলে ওই সহপাঠী জাকির আলির একটি ফোন নম্বর দেয়। পরিবারের অভিযোগ, জাকির আলি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ছাত্রীটিকে নিজের সঙ্গে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে মেঘালয়ের বর্ণিহাট এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত অভিযুক্ত জাকির আলিকে গ্রেপ্তার করা যায়নি। অভিভাবকের দাবি, অভিযুক্তের বাড়ি পাঞ্জাবাড়ি এলাকায় এবং ছাত্রীর এক সহপাঠী পুরো ঘটনার বিষয়ে অবগত ছিল।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্ত জাকির আলীকে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।



