১ জুন : চলমান বিতর্কের মধ্যেই ভারতে ফেরার ঘোষণা দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য জানিয়ে তিনি বলেন, নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেই তাঁর দেশে ফেরা। অভিজিৎ দীপকের দাবি, নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এদিন নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি দেশের নাগরিকদের সাংবিধানিক ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।
ভিডিওতে তিনি বলেন, “ভারতের সংবিধানের পথ অনুসরণ করে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনই সোচ্চার হওয়ার সময় এসেছে।” তিনি আরও বলেন, “এত বড় ধরনের ব্যর্থতা ও অনিয়মের পরও যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন, তবে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারণাই প্রশ্নের মুখে পড়বে।”
জানা গেছে, আগামী ৫ জুন দিল্লিতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে অভিজিৎ দীপকের। সেখানে পৌঁছে তিনি যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চাইবেন। পাশাপাশি দেশের ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।



