বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি দোকানঘর। এই ঘটনায় নগদ টাকা-সহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৌজকরনী, কালিগঞ্জ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আনুমানিক ১টা ১৫ মিনিট নাগাদ হঠাৎ বাজি ফাটার মতো বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখতে পান, একটি দোকানঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকানঘরে।

খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে করিমগঞ্জ থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় দোকানঘরটি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিগঞ্জ থানার পুলিশও।

ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক ফারুক আহমদ। তাঁর দাবি, এই অগ্নিকাণ্ডে দোকানের যাবতীয় সামগ্রীর পাশাপাশি নগদ টাকা মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের এই ঘটনায় কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



