বরাক তরঙ্গ, ২৪ জুন : রুকনি নদীর পাড়ে মিলল লাঠি, হদিশ নেই ধলাইয়ের সেওরারতল জিপির বাগেয়ালা গ্রামের ৭৮ বছর বয়সী বৃদ্ধা বেলারানি দাশের। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বেলারানি দাশ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। বুধবার সকালে তার ছেলে মনাইকুমার দাশ মাকে খাবার খাইয়ে কিছু কাজের জন্য বাইরে যান। দুপুর প্রায় ২টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজা বন্ধ থাকলেও তার মা বাড়িতে নেই।
এরপর তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তার পূর্বদিকে অবস্থিত রুকনি নদীর ঘাটে মায়ের ব্যবহৃত লাঠিটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টে জানানো হয়।
খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের পুলিশ এবং এনডিআরএফ ও এসডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রুকনি নদীতে তল্লাশি অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত নদীতে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও বৃদ্ধার কোনো সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার পুনরায় রুকনি নদীতে তল্লাশি অভিযান চালানো হবে। এদিকে, নিখোঁজ বেলারানি দাশের দুই ছেলে মনাইকুমার দাশ ও জ্যোতিষকুমার দাশসহ পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ঘটনার পর থেকে গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।



