বরাক তরঙ্গ, ২৪ জুন : গুয়াহাটি থেকে শিলচর বিমানবন্দরে পৌঁছেই কোনো প্রকার বিশ্রাম না নিয়ে সরাসরি বড়খলা সমষ্টির সুবং জিপির বন্যাকবলিত এলাকায় পৌঁছে যান বিধায়ক কিশোর নাথ। প্রবল বর্ষণের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতের টানা ভারি বৃষ্টিপাতের ফলে সুবং এলাকার একাধিক গ্রাম ও বসতিপূর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। বন্যার পানিতে বহু বাড়িঘর প্লাবিত হওয়ায় অসহায় পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের সন্ধানে স্থানীয় স্কুলগুলিতে আশ্রয় নেয়। এতে এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থল থেকেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক কিশোর নাথ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)-এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনি দুর্গতদের জন্য জরুরি ত্রাণসামগ্রী সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করেন।
পরে তাঁর উদ্যোগে সুবং এলাকার চারটি স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, বিস্কুট, কলাসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে দলীয় কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুবং জিপির সভানেত্রী উপস্থিত ছিলেন।
দুর্যোগের এই কঠিন সময়ে বিধায়কের দ্রুত উপস্থিতি ও তৎপরতায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন স্বস্তি প্রকাশ করেন। পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।



