শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিগরখালের পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে বিশেষ নাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, ML-05-AA-6770 নম্বরের একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
অভিযানের সময় আটক হওয়া ব্যক্তির পরিচয় ফর্ড পালা বলে জানা গেছে। তিনি মেঘালয়ের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাছাড় জেলার কোনো একটি এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে বহিঃরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল। তবে তার আগেই কাছাড়ের পুলিশের অভিযানে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং মাদকের উৎস কোথায় – তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



