উঃ কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সাজানোর ঘোষণা কিমের

Spread the news

২৪ জুন : উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পূর্ণাঙ্গভাবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের নৌবাহিনীকে পারমাণবিক শক্তিতে আরও সক্ষম করে তোলার পরিকল্পনা সঠিক পথেই এগোচ্ছে।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে কিম জং উন সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি শেষ হওয়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠকেও কিম জং উন বলেন, বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান অস্থির পরিস্থিতিতে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক চাপ ও হুমকির কারণে পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হচ্ছে।

উত্তর কোরিয়ার নেতা যুদ্ধজাহাজগুলোকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা, উন্নত অস্ত্র উৎপাদনের গতি দ্বিগুণ করা এবং দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতিও দিয়েছেন। তার মতে, প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে এখন আর তেমন কোনো সন্দেহ নেই। বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে বড় প্রশ্ন হলো—দেশটি এত বিপুল পরিমাণ অস্ত্র কেন গড়ে তুলছে। দক্ষিণ কোরিয়ার সেজং ইনস্টিটিউটের গবেষণা ফেলো পিটার ওয়ার্ডের মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক অবকাঠামো এতটাই বিস্তৃত ও ছড়িয়ে রয়েছে যে, একক কোনো সামরিক হামলার মাধ্যমে সেটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়।

চলতি বছরই উত্তর কোরিয়া তাদের নতুন ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। এই পদক্ষেপকে দেশটির নৌবাহিনীর আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে দেখা হচ্ছে।

কিম জং উন আরও ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছর ধরে প্রতিবছর অন্তত দুটি করে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে। পাশাপাশি সম্ভাব্য শত্রুপক্ষের প্রথম আঘাত মোকাবিলায় রেল ও সড়কভিত্তিক ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র লঞ্চার, সুরক্ষিত ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি এবং ক্রমবর্ধমান সাবমেরিন বহর গড়ে তোলার কাজও জোরদার করা হবে।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *