১৯ মে : প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন। আজ সাতসকালে পটনাগামী একটি ট্রেনের কামরায় আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু আগুনের গ্রাসে চলে যায় পুরো কামরা।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম রেল স্টেশনে। জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি পটনা যাচ্ছিল, স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময়ই ট্রেনের কামরায় আচমকা আগুন ধরে যায়।

জানা গিয়েছে, যখন আগুন লাগে, তার কিছুক্ষণ পরই ট্রেনটি ছাড়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে সেই সময় খুব বেশি যাত্রী ছিলেন না ট্রেনে এবং সঙ্গে সঙ্গেই তারা ট্রেন থেকে দৌড়ে নেমে যান। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
রেলের কর্মীরা দ্রুত দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কামরাটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন ধরে গিয়েছিল ট্রেনে।
প্রসঙ্গত, গতকাল, রবিবারই দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসেও আগুন ধরে গিয়েছিল। মধ্য প্রদেশের রতলাম জেলা দিয়ে যাওয়ার সময় আচমকা ট্রেনে আগুন ধরে যায়। বি-১ কোচে প্রথমে আগুন লাগে। পিছনে থাকা লাগেজ ভ্যানও আগুনের গ্রাসে চলে যায়। কোনওমতে ওই কামরায় থাকা ৬৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়। পরপর দুই দিন দুটি ট্রেনে আগুনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।



