বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : ধলাই থানার অন্তর্গত খুলিছড়া সোমবারি বাজার এলাকায় গরু চোরের একটি চক্রকে হাতেনাতে ধরে ফেলল জনতা। সোমবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কালারহাওর, জামালপুর ও খুলিছড়া সহ একাধিক গ্রাম থেকে ধারাবাহিকভাবে গরু চুরির অভিযোগ উঠেছে। গোয়ালঘর ও রাস্তা থেকে গরু উধাও হওয়ার ঘটনায় ধলাই থানায় একাধিক অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত চুরি হওয়া গরুগুলির কোনও হদিস মেলেনি। এলাকাবাসীর দাবি, ইতিমধ্যেই প্রায় ৫০টিরও বেশি গরু চুরি হয়েছে।
ঘটনার সূত্রপাত একটি চুরি হওয়া গরুকে কেন্দ্র করে। জানা যায়, এক অসহায় পরিবারের গরু চুরি করে বিক্রি করে দেয় চোরেরা। সোমবার সেই গরুটি রশি ছিঁড়ে পালিয়ে এসে বাজার এলাকায় ঢুকে পড়ে। গরুর পিছু নিয়েই বাজারে পৌঁছে যায় চোরের দল। এ সময় স্থানীয়রা সন্দেহবশত তাদের আটক করে এবং হাতেনাতে ধরে ফেলে।
পরবর্তীতে জনতা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে আরও অন্তত ২৭টি গরু তাদের দখলে রয়েছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারটি গরু উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, গরু চুরি রুখতে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।



