বরাক ১৪ মার্চ : মণিপুরের ননে জেলায় এক মর্মান্তিক বোমা বিস্ফোরণে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম কালাইঙ্গাম্পৌ পামেই। একই ঘটনায় তার বাবা থুয়ানকুঙ্গাম পামেই (৪০) গুরুতরভাবে আহত হয়েছেন।
রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, শনিবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ ননে জেলার খউপুম থানার অন্তর্গত তাওলিংপুং গ্রামের নামকাওলং দ্বিতীয় খণ্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি একটি বোমা সদৃশ বস্তু খুঁজে পেয়ে সেটি তার বাবার কাছে নিয়ে আসে। পরে বাবা সেটি দূরে ছুঁড়ে ফেলার চেষ্টা করলে হঠাৎ পা পিছলে পড়ে যান। সেই সময় বস্তুটি বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের সময় শিশুটি কাছেই থাকায় গুরুতরভাবে আহত হয়।
এরপর আহত শিশু ও তার বাবাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা থুয়ানকুঙ্গাম পামেইকে উন্নত চিকিৎসার জন্য ইম্ফলে অবস্থিত রাজ মেডিসিটি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বিস্ফোরণে তার দুই পা মারাত্মকভাবে জখম হয়েছে।
বিস্ফোরকটি কোথা থেকে এল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে।




