হাইলাকান্দিতে ৭৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : জেলার সার্বিক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে শনিবার ভার্চুয়াল মাধ্যমে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষা, ক্রীড়া অবকাঠামো, প্রশাসনিক পরিকাঠামো ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোট ১০টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করেন।  হাইলাকান্দি জেলায় উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে মোট প্রায় ৭৩৯৫.১৩ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা হয়েছে। এর মধ্যে উদ্বোধিত প্রকল্পের আর্থিক মূল্য প্রায় ১০৬৫.৫০ লক্ষ টাকা এবং শিলান্যাস করা প্রকল্পগুলির মোট ব্যয় প্রায় ৬৩২৯.৬৩ লক্ষ টাকা।এদিনের  অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দির সরকারি ভিএম এইচএস স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রকল্পের। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের পরিকাঠামো আধুনিকীকরণ ও শিক্ষার মানোন্নয়নের জন্য ব্যয় হয়েছে ৭৬৬.৮২ লক্ষ টাকা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দির  নতুন সার্কিট হাউস নির্মাণ প্রকল্প, যার আনুমানিক ব্যয় ১২৬৪.৯৫ লক্ষ টাকা। হাইলাকান্দি জেলা স্টেডিয়ামের প্রথম পর্যায়ের কাজের অংশ হিসেবে বহুতল যুবাবাস নির্মাণ প্রকল্পের, যার জন্য বরাদ্দ হয়েছে ২৯৮.৬৭ লক্ষ টাকা।

অন্যদিকে, এদিনের কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের শিলান্যাসও করা হয়েছে।জেলার বিভিন্ন অঞ্চলে সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সেতু নির্মাণ প্রকল্পেরও শিলান্যাস হয়েছে। ভবানীপুর পূর্ত সড়ক থেকে  সৈদপুর পর্যন্ত একটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৬৭.৭৮ লক্ষ টাকা। বাগরগুল এলাকার নাছঘর সংলগ্ন বরাখাল নদীর উপর সেতু নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৬৮.২১ লক্ষ টাকা। চণ্ডীপুর প্রথম খণ্ড ও  চিপরসাঙ্গন তৃতীয় খণ্ড গ্রামকে সংযোগকারী ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৯১.০০ লক্ষ টাকা। একইভাবে গুমরুক নদীর উপর বক্রিহাওয়ার দশম খন্ড  ও অষ্টম খন্ড  গ্রামকে সংযোগকারী আরসিসি সেতু নির্মাণে বরাদ্দহয়েছে ৩৬৪.০৯ লক্ষ টাকা।এছাড়াও সাহাবাদ দ্বিতীয় খন্ড  থেকে রূপাছড়া সড়কের কাটাখাল নদীর উপর  সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০৩৩.৪৪ লক্ষ টাকা। লালা পিকে সড়ক থেকে লালামুখ বাগান পর্যন্ত সংযোগকারী কাটাখাল নদীর উপর সেতু নির্মাণে বরাদ্দ হয়েছে ১১২৯.৫৯ লক্ষ টাকা।

এ ছাড়া আব্দুল্লাপুর–বার্নারপুর  সড়কের উপর লালাছড়ায় কাটাখাল নদীর উপর  আরও একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে ১৪১০.৫৯ লক্ষ টাকা।এ উপলক্ষে হাইলাকান্দি সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে বড় পর্দায় মুখ্যমন্ত্রীর উদ্বোধন ও শিলান্যাস পর্ব প্রত্যক্ষ করেন বিভিন্ন বিভাগের আধিকারিক, কর্মচারী ও সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী, ঋষিকেশ বরুয়া, ভ্যানলাল লিমপুইয়া নামপুই, অন্তরা সেন, সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *