বরাক তরঙ্গ, ১৩ মার্চ : স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট) পরীক্ষা আগামী ১৫ মার্চ রবিবার আয়োজিত হচ্ছে। অন্য বারের মতো এবারও এই পরীক্ষা আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও অনুষ্ঠিত হবে৷ এব্যাপারে যাবতীয় প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পরীক্ষার দিন পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য পৃথক-পৃথক বাসেরও ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট বাসগুলোতে পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন। এই বাসগুলো সকাল সাড়ে সাতটায় ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে রওনা হয়ে কাছাড় কলেজ, সেন্ট্রাল রোড, প্রেমতলা, লিংক রোড পয়েন্ট ছুঁয়ে বিশ্ববিদ্যালয়ে পৌছাবে এবং পরীক্ষার পর বেলা দুটোয় বিশ্ববিদ্যালয় থেকে বাসগুলো শিলচরের উদ্দেশে রওনা হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে হাইলাকান্দি থেকেও অনুরূপ একটি বাসের ব্যবস্থা করা হয়েছে।
আসাম বিশ্ববিদ্যালয়ের স্লেট কেন্দ্রের সংযোজক অধ্যাপক প্রদীপচন্দ্র পাল এক প্রেস বিবৃতিতে এখবর জানিয়ে বলেছেন, অ্যাডমিট কার্ড ছাড়া কোনও পরীক্ষার্থীকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তিনি পরীক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন।



