শিলচরে ওভারহেড জলাধারের উদ্বোধন দীপায়নের, দ্বারোদঘাটন গুরুদোয়ারার ভবনের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : শিলচরের পাবলিক স্কুল, বিলপার, লোচন ভৈরাগী রোড, পাল কলোনি এবং পাবলিক স্কুল রোড এলাকার বাসিন্দাদের জন্য চালু হল নিরাপদ পানীয়জলের নতুন ব্যবস্থা। শুক্রবার শিলচর সিভিল হাসপাতাল প্রাঙ্গণে ৪ লক্ষ ৫০ হাজার লিটার ধারণক্ষমতার একটি এলিভেটেড সার্ভিস রিজার্ভয়ার (ওভারহেড জলাধার) উদ্বোধনের মাধ্যমে এই পরিষেবার সূচনা করা হয়। শিলচর টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের সম্প্রসারণ প্রকল্পের অধীনে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর পিএইচই ডিভিশন নং–১-এর তত্ত্বাবধানে নির্মিত এই জলাধারের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ পর্যাপ্ত পানীয় জলের অভাবে সমস্যায় ভুগছিলেন। পূর্বে একটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করা হলেও পাইপলাইন সংযোগের অভাবে বাড়ি বাড়ি জল পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে নতুন উদ্যোগের ফলে সেই সমস্যার সমাধান হয়েছে এবং এলাকাবাসী নিয়মিত নিরাপদ পানীয় জল পাবেন। তিনি এ কাজে সহযোগিতার জন্য মন্ত্রী রণজিৎকুমার দাসকে ধন্যবাদ জানান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে মোট ৩৪ লক্ষ ১৩ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে।
নতুন জলাধার চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, এর ফলে দীর্ঘদিনের জলসংকট অনেকটাই লাঘব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দে, অশোক চৌধুরী, সুমির সিং, সিনিয়র ইঞ্জিনিয়ার রণবীর মজুমদার, বিজেপির মধ্যশহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, সঞ্জয় রায়, শান্তনু রায়, পলী ভট্টাচার্য্যসহ অন্যান্যরা।

এদিকে বৃহস্পতিবার রাতে শিলচরের এনএন দত্ত রোডে শ্রীগুরু সিং সভা গুরুদোয়ারায় ২০২৫–২৬ অর্থবছরের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ ৫ লক্ষ টাকায় নির্মিত একটি ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গুরুদোয়ারা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির পক্ষ থেকে বিধায়ক এবং তাঁর সহধর্মিণী রুমলী ভট্টাচার্যকে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়।

বক্তব্যে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এনএন দত্ত রোডের এই গুরুদোয়ারার পরিকাঠামোগত উন্নয়নের জন্য নিজের তহবিল থেকে অর্থ বরাদ্দ দিতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। ভবিষ্যতে সুযোগ পেলে গুরুদোয়ারার উন্নয়নে আরও সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে গুরুদোয়ারা কমিটির সভাপতি সন্দীপ সিং ওয়ালিয়া, অমনজিৎ সিং, সম্রাট ইন্দোর সিং, সরবজিৎ সিং, সরবজিৎ ধনজাল, রবিন্দর ধনজালসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিজেপির মধ্যশহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরীকেও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। গুরুদোয়ারা কমিটির পক্ষ থেকে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *