বরাক তরঙ্গ, ১২ মার্চ : অসম দর্শন ২০২৫–২৬ কর্মসূচির অধীনে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার ১৫০টি মন্দির ও ধর্মীয় উপাসনালয়কে প্রথম কিস্তি হিসেবে দেড় লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়েছে। হাইলাকান্দি জেলা কমিশনার কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডিসি নরসিং বে, হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, মিলন দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ডিডিসি নরসিং বে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি প্রত্যেক মন্দির ও উপাসনালয় পরিচালনা কমিটিকে দ্রুত পৃথক নির্মাণ কমিটি গঠন, ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট খোলা এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী উন্নয়নমূলক কাজ শুরু করার আহ্বান জানান। পাশাপাশি কাজ সম্পন্ন হওয়ার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। এদিন অসম দর্শন প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার ১৫০টি মন্দির ও উপাসনালয়ের প্রতিনিধিদের হাতে প্রথম পর্যায়ে দেড় লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়।
জেলা কমিশনার অভিষেক জৈন সরকারি নীতিনির্দেশিকা মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলিকে আহ্বান জানান। এদিকে, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী ও মিলন দাস তাঁদের বক্তব্যে অসম দর্শন প্রকল্প প্রণয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাঁরা সংশ্লিষ্ট মন্দির ও উপাসনালয় পরিচালনা কমিটিগুলিকে সরকারি নির্দেশিকা ও গাইডলাইন মেনে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পরামর্শ দেন।




