দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : অসমে নারী সশক্তিকরণের লক্ষ্যে ‘অরুণোদয় ৩.০’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার। গুয়াহাটির খানাপাড়ায় জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যস্তরের বৃহৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অরুণোদয় ৩.০ রাজ্যের নারীশক্তিকে আরও শক্তিশালী করে তুলবে এবং অসমের উন্নয়নের নতুন সূর্যোদয় ঘটাবে।” তাঁর মতে, এই প্রকল্প লক্ষ লক্ষ মহিলাকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাজ্যব্যাপী এই কর্মসূচির পাশাপাশি শিলচর বিধানসভা কেন্দ্রেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মেহেরপুরের সিডি হোম মাঠে আয়োজিত সভায় উপস্থিত থেকে ওয়ার্ড নং ৩৯, ৪০, ৪১ ও ৪২-এর সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এদিন প্রায় ৩,৩০০ জন সুবিধাভোগী এই অনুষ্ঠানে অংশ নেন। প্রথমবার সরকারি আর্থিক সহায়তা পেয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেন।
বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, “এই কর্মসূচি স্থানীয় মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং শিলচরের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” জানা গেছে, শিলচর বিধানসভা এলাকায় মোট ১৩টি স্থানে ‘অরুণোদয় ৩.০’ কর্মসূচি আয়োজন করা হয়। এর মাধ্যমে মোট ২৮,৬৬৮ জন মহিলা সুবিধাভোগী উপকৃত হয়েছেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,২৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা খাদ্য নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।
সুবিধাভোগী মহিলাদের অনেকেই জানান, এই সহায়তা তাদের পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজ্য সরকারের মতে, ‘অরুণোদয় ৩.০’ শুধু নারী সশক্তিকরণ নয়, বরং রাজ্যের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকেও ত্বরান্বিত করবে। পূর্ববর্তী পর্যায়গুলিতেও লক্ষাধিক মহিলা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং নতুন সংস্করণে আরও বেশি সুবিধা যুক্ত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্প রাজ্যে দারিদ্র্য হ্রাস ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



