বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : ভবানীপুর-সরভোগ কেন্দ্রে সিপিএমের বর্তমান বিধায়ক মনোরঞ্জন তালুকদারকে পুনরায় প্রার্থী করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বরপেটা রোডের রাজীব ভবনে তীব্র প্রতিবাদ দেখা দেয়। ইন্ডিয়া মহাজোট বন্ধনের তরফে নবগঠিত এই কেন্দ্রে পুনরায় মনোরঞ্জন তালুকদারকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত ঘোষণার পরই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ভবানীপুর-সরভোগ খণ্ডের একাধিক কর্মকর্তা একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দেন। প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে আসছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জোটের স্বার্থে কেন্দ্র সিপিএম প্রার্থী মনোরঞ্জন তালুকদারের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। সেই সময়েও বহু কর্মী ক্ষোভ প্রকাশ করেছিলেন, যদিও দলীয় আশ্বাসে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং মনোরঞ্জন তালুকদার নির্বাচিত হন।

এবারও একই সিদ্ধান্ত পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, কেন্দ্রে সিপিএমের উল্লেখযোগ্য সাংগঠনিক ভিত্তি বা পর্যাপ্ত ‘পকেট ভোট’ নেই। তাই আসনটি পুনরায় তাদের ছেড়ে দেওয়ার কোনও যুক্তি নেই। এছাড়াও গত লোকসভা নির্বাচনে মনোরঞ্জন তালুকদার কংগ্রেসের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ তোলেন প্রতিবাদকারীরা।
শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, যদি ২১নং ভবানীপুর-সরভোগ কেন্দ্রে সিপিএমের হাতেই ছেড়ে দেওয়া হয় এবং মনোরঞ্জন তালুকদারকে প্রার্থী করা হয়, তবে কেন্দ্র সমস্ত মণ্ডল সমিতি একযোগে পদত্যাগ করবে। একই সঙ্গে সমস্যার সমাধানে কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী মনোনয়নের দাবি জানান তাঁরা।



