১৩ ফেব্রুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৯৭টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৫৮টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন।
এ দিকে, বগুড়া-৬ আসনের পর ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাঃ খালিদুজ্জামানের চেয়ে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
তথ্যবলছে, সর্বশেষ এরশাদ জমানায় ১৯৮৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ। পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় ১৯৯০ সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ। বিএনপির প্রাক্তন চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন। এদিকে বিজয় উদযাপনে কোনও ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।



