১ অক্টোবর : ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টাইগ্রে অঞ্চলের আলামাতা শহর ও আশপাশে তিন দিনের তীব্র সংঘর্ষে অন্তত ৫২ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংঘর্ষের পর সরকারি বাহিনী আলামাতা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহরের রাস্তায় সরকারি বাহিনীর ট্যাংক ও সাঁজোয়া যান চলাচলের ভিডিওও ছড়িয়ে পড়েছে।
আলামাতা দখলের পর সরকারি বাহিনী টাইগ্রের প্রধান শহর মেকেলের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মেকেলে আলামাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলামাতা টাইগ্রে ও আমহারা অঞ্চলের সংযোগস্থলে হওয়ায় সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ।
কয়েক মাস ধরে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ও টাইগ্রে নিয়ন্ত্রণকারী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে উত্তেজনা চলছিল। গত সপ্তাহে তা নতুন করে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। ২০২২ সালে দুই বছরের গৃহযুদ্ধ অবসানে হওয়া প্রিটোরিয়া শান্তিচুক্তি ভঙ্গের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। ২০২০-২২ সালের ওই যুদ্ধে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক হিসাব রয়েছে।
সর্বশেষ সংঘাত শুধু টাইগ্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। পার্শ্ববর্তী আমহারা ও আফার অঞ্চলেও লড়াই ছড়িয়ে পড়েছে। টিপিএলএফসহ সাতটি সশস্ত্র গোষ্ঠী চলতি মাসে একটি জোট গঠন করেছে। তাদের ঘোষিত লক্ষ্য প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করা। আফার অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ স্থলবেষ্টিত ইথিওপিয়াকে জিবুতি ও লোহিত সাগরের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করেছে।
এদিকে সংঘাতের প্রভাব পড়েছে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য লালিবেলা শহরেও। সেখানে এক সপ্তাহ ধরে অন্তত ৩৩ জন বিদেশি পর্যটক আটকা পড়েছেন। ১৩ শতকে পাথর কেটে নির্মিত ১৩টি গির্জার জন্য বিখ্যাত লালিবেলা অর্থোডক্স খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। সংঘর্ষের কারণে বিমানবন্দর বন্ধ থাকায় বেশির ভাগ পর্যটক শহর ছাড়তে পারেননি।
লালিবেলায় অবস্থানরত এক ব্রিটিশ পর্যটক বিবিসিকে বলেন, কয়েক দিন ধরে সেখানে গুলির শব্দ ও ভারী কামানের গোলাবর্ষণ শোনা গেছে। শহরে সরকারি বাহিনীর বড় উপস্থিতিও রয়েছে। সোমবার সামরিক হেলিকপ্টারে ১৪ ইজরায়েলি পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে একটি বেসরকারি সংস্থার গাড়িবহরে আরও পাঁচজন শহর ছাড়েন। এখনো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশের নাগরিক সেখানে আটকা রয়েছেন।
আলামাতা জেনারেল হাসপাতালের এক চিকিৎসক বিবিসিকে জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত শহর ও আশপাশে ব্যাপক গোলাবর্ষণ হয়েছে। ভারী কামান ও বিস্ফোরক ব্যবহারে আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে তিন দিন বয়সী শিশুসহ নারী ও গবাদিপশু চরানো মানুষও রয়েছেন। একটি হামলায় শহরের বাজারে একসঙ্গে ১২ জন নিহত হয়েছেন বলে ওই চিকিৎসক জানান।



